প্রবাসী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান

ফেনীর সোনাগাজীতে ফেসবুক মেসেঞ্জারে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে ওমানপ্রবাসী এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন নীলফামারীর এক তরুণী। গত ১৬ জুন রাত ১১টা থেকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়িতে অবস্থান করছেন তিনি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
তরুণীর অভিযোগ, বাড়িতে পৌঁছানোর পরই প্রবাসী যুবক ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা লাগিয়ে অন্যত্র চলে যান। বর্তমানে নিরাপত্তার স্বার্থে স্থানীয় গ্রাম পুলিশ তার দেখভাল করছেন।
ওই যুবকের নাম আরিফ হোসেন। তিনি ভাদাদিয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে এবং বর্তমানে ওমানে কর্মরত। তরুণী নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে জীবিকার সন্ধানে ওমানে যান আরিফ। প্রায় এক বছর আগে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রায় এক মাস আগে দুই মাসের ছুটিতে দেশে ফেরেন আরিফ। তার দেশে ফেরার খবর পেয়ে প্রায় ১৫ দিন আগে ফেনীর মহিপালে তার সঙ্গে দেখা করতে আসেন তরুণী। স্থানীয় সূত্রের দাবি, সরাসরি সাক্ষাতের পর আরিফ তাকে পছন্দ না হওয়ায় বুঝিয়ে-শুনিয়ে নিজ বাড়ি সৈয়দপুরে পাঠিয়ে দেন। এরপর তিনি মোবাইল ফোন ও ফেসবুক আইডি বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করেন।
পরে আরিফের বন্ধু শিবলুর কাছ থেকে বাড়ির ঠিকানা সংগ্রহ করে গত ১৬ জুন রাতে সোনাগাজীতে তার বাড়িতে যান ফেরদৌসী। তিনি ঘরে প্রবেশের চেষ্টা করলে আরিফ ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা লাগিয়ে সেখান থেকে চলে যান বলে অভিযোগ করেন তিনি।





