ভাইয়ের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ সাবেক এমপির মেয়ের

সংগৃহীত ছবি
পৈতৃক সম্পত্তি দখল, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শাহজাহান খানের মেয়ে আয়শা আক্তার শিথিল। তার অভিযোগ, বড় ভাই মো. শিপলু খান বাবার রেখে যাওয়া অধিকাংশ সম্পত্তি এককভাবে ভোগদখল করছেন।
রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আয়শা। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাবার মৃত্যুর পর তারা তিন ভাই-বোন স্থাবর-অস্থাবর সম্পত্তির উত্তরাধিকারী। কিন্তু বড় ভাই ক্ষমতা ও প্রভাব খাটিয়ে সম্পত্তি এককভাবে ভোগ করছেন। ন্যায্য হিস্যা চাইতে গেলে তাদের ভয়ভীতি দেখানো ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আয়শা জানান, এ ঘটনায় তার মা ২০২৪ সালের ৭ মে পটুয়াখালী সদর থানায় অভিযোগ করেন। একই দিনে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। পরে সম্পত্তিতে ন্যায্য অধিকার চেয়ে পটুয়াখালী পৌরসভায় আবেদন করা হয়
তিনি দাবি করেন, পটুয়াখালীর আদালতপাড়া এলাকায় প্রায় ১০ কাঠা জমির ওপর তাদের বাবার একটি বাড়ি, সদর রোডে ছয়তলা একটি হোটেল এবং সবুজবাগে একটি বহুতল ভবন রয়েছে। এসব সম্পত্তিতে থাকা ফ্ল্যাট ও অন্যান্য স্থাপনা থেকে আয় হলেও তারা কোনো অংশ পাচ্ছেন না।
সংবাদ সম্মেলনে আয়শা আরও অভিযোগ করেন, বাবার ব্যবসায়িক ঋণের একটি অংশ পরিশোধ না হওয়ায় পূবালী ব্যাংকের পটুয়াখালী শাখা ২০২৬ সালের ১২ জানুয়ারি সম্পত্তি নিলামের বিজ্ঞপ্তি দেয়। পরে তিনি ব্যাংকে আবেদন করে নিলাম প্রক্রিয়া স্থগিত করেন বলে দাবি করেন।
শিপলু খানের বিরুদ্ধে মাদক ব্যবসা, দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগও করেন আয়শা। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।



