লাকসামে আ.লীগ-যুবলীগের তিন নেতাসহ গ্রেপ্তার ৮

গ্রেপ্তাররা
কুমিল্লার লাকসামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গেতকাল শুক্রবার রাতে পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার বিকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা হলেন, লাকসাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুর হাসান (৫৪), ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন মানিক (৪৭) এবং উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা (২৯)।
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই তিন নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ছাড়া গ্রেপ্তার অপর পাঁচজন হলেন, উপজেলার গোবিন্দপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে আরমান (১৯) ও খোকন মিয়ার ছেলে খলিলুর (১৯), পৌরশহরের রাজঘাট এলাকার হাজী ওমর আলীর ছেলে আবদুল কাদের (২৮) এবং একই এলাকার আবদুল মালেকের ছেলে বিল্লাল হোসেন (৩১)। তাদেরও বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার রাত সোয়া ৯টার দিকে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গ্রেপ্তার আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অপর পাঁচজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে একই দিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’



