‘শেখ হাসিনা দেশে ফেরার গুজব ছড়াচ্ছে’

শেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেছেন, ‘পৃথিবীতে প্রথম নজির, সব মন্ত্রীসহ প্রধানমন্ত্রী পালিয়েছে। তারাই আবার দেশে চলে আসবে, তা কোনোদিনই সম্ভব না। তারা দেশে আসার গুজব ছড়াচ্ছে। ওই ফ্যাসিস্ট সরকার আর তিন বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রই থাকত না। সিকিমের মতো অবস্থা হতো।’
রবিবার (১৩ সেপ্টেম্বর) শেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বললেন, ‘রাজনীতিবিদ ও প্রশাসনের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তা না হলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি মাত্র নেতা রয়েছেন, তিনি তারেক রহমান।’
‘২০ বছর পর জনগণ তাদের ভোটের মালিকানা ফেরত পেয়েছে। দেশের মানুষ তাদের নির্বাচিত সরকার পেয়েছেন। এর আগে প্রশাসন ছিল নিয়ন্ত্রিত। তাদের কিছু করার ছিল না। কাজেই তাদের দোষ দিয়ে লাভ নেই’— যোগ করেন বিমানমন্ত্রী।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে এম রশিদুজ্জামান মিল্লাতের পরামর্শ, ‘আগের পরিস্থিতির কথা বাদ দিয়ে নতুন বাংলাদেশ কীভাবে গড়ে তোলা যায়, সেভাবেই কাজ করতে হবে।’
জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার এজেডএম জহিরুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



