শ্রীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা

সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংক টেংরা-শ্রীপুর শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
গতকাল শনিবার দিবাগত রাতে আগুন দেওয়ার চেষ্টা চালালে ব্যাংকের কর্মকর্তা ও নৈশ প্রহরী মিলে আগুন নিভিয়ে ফেলায় ক্ষয়-ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, উপজেলার টেংরা এলাকায় গ্রামীণ ব্যাংক দীর্ঘ যাবত তাদের কার্যক্রম পরিচালনা করছে। শাখার ভেতরে আবাসিক কোয়ার্টার আছে। অন্যান্য দিনের মতো কাজ শেষ করে অফিস তালাবদ্ধ করে কোয়ার্টারে চলে যান কর্মকর্তারা। রাতে নৈহপ্রহরী দায়িত্বরত ছিল। রাত ২টার নৈশপ্রহরীর চিৎকার শুনে কর্মকর্তারা এসে আগুন দেখতে পান। পরে তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলেন।
গ্রামীণ ব্যাংক টেংরা-শ্রীপুর শাখার নৈশপ্রহরী মো. ফরিদ বলেন, রবিবার রাতে তিনি কার্যালয়ের নিচ তলার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত সীমানা প্রাচীর টপকে আগুনের কুণ্ডলী তৈরি করে ভবনের গেটের ভেতরে নিক্ষেপ করেন। হঠাৎ করে আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা চলে যায়। চিকৎকার শুনে উপরে থাকা কর্মকর্তারা নিচে নেমে আসেন। পরে সবাই মিলে আগুন নিভিয়ে ফেলেন।
শাখাটির ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, নৈশ প্রহরীর চিৎকার শুনে দ্রুত সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। রাতেই জাতীয় জরুরি পরিসেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।




