রংপুর
পরিত্যক্ত হাসপাতাল সংস্কার করে চালু হলো আবু সাঈদ হাসপাতাল

ছবি: আগামীর সময়
রংপুর নগরীর লক্ষাধিক মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় শহীদ আবু সাঈদের নামে হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার দুপুর থেকে আদিশহর মাহিগঞ্জে পরিত্যক্ত সাবেক বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে সংস্কার করে ‘শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল’ নামে মা ও শিশু’র প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে।
হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী। এ সময় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান ইবনে তাজ, ডা. ইসমত নিগার স্বপ্না উপস্থিত ছিলেন।
শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে সপ্তাহে ৩ দিন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেবেন এবং প্রতিদিন চলবে টিকা কার্যক্রম। পর্যায়ক্রমে এ হাসপাতালে সিজারিয়ান অপারেশন কার্যক্রমসহ ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ-উন-নবী চৌধুরী বলেন, রংপুর নগরীর মাহিগঞ্জসহ আশপাশের তিনটি ওয়ার্ডের মা ও শিশুরা শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল থেকে প্রাথমিক সেবা পাবেন। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসাসেবা দেবেন। এ ছাড়া প্রতিদিন এখানে চলবে টিকা কার্যক্রম।
তিনি আরও বলেন, দ্রুতই আমরা এখানে একজন শিশু ও একজন মেডিসিন বিশেষজ্ঞ আনার চেষ্টা করব। এটি হলে আগামীতে মাহিগঞ্জসহ আশপাশের এলাকার রোগীদের টাকা খরচসহ বাড়তি সময় ব্যয় করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করতে হবে না।




