চাঁদার দাবিতে খুলনায় এনজিও কর্মকর্তার বাড়িতে গুলি

গ্রাফিকস: আগামীর সময়
খুলনায় আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার নগরীর দক্ষিণ টুটপাড়ায় ৬ লাখ টাকা চাঁদার দাবিতে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, নগরীর দক্ষিণ টুটপাড়া খ্রিস্টানপাড়ার বাসিন্দা ও এনজিও কর্মকর্তা মিলটন বারিকদারের কাছে বেশ কয়েক দিন ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে তাকে কয়েক দফা প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। সর্বশেষ বুধবার দুপুরে চাঁদার দাবিতে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী মিলটন বারিকদার বলেন, ‘বেশ কিছুদিন ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রিচার্ড বেঞ্জামিন বিশ্বাস ওরফে বিন্দু, ওবায়দুল, সোহেল, মুকুল, তুষার বালা, নাটা সোহেল, ছোট জাহাঙ্গীর, মেহেদী ও আব্দুল্লাহসহ আরও কয়েকজন আমার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে জীবননাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় আমি ওই ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আজ দুপুরে আমার বাড়িতে গুলি করা হয়েছে। এতে আমার পরিবার চরম আতঙ্কিত।’
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গত মঙ্গলবার খুলনা মহানগরীর পাঁচটি স্থানে গুলির ঘটনা ঘটে। এর মধ্যে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেটের কাছে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম।




