সাঘাটা
এক গ্রামে তিন প্রাথমিক বিদ্যালয়, শিক্ষার্থী হাতেগোনা
- নদীভাঙনে ছড়িয়ে পড়েছে বসতি
- অভিভাবকদের অনাগ্রহও কম উপস্থিতির কারণ

ছবি: আগামীর সময়
একটি গ্রামে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিটিতে শিক্ষক থাকলেও শিক্ষার্থীর উপস্থিতি উদ্বেগজনকভাবে কম। কোনো বিদ্যালয়ে প্রতিদিন চার-পাঁচজন, আবার কোনো বিদ্যালয়ে পাঁচ-সাতজন শিক্ষার্থী উপস্থিত থাকে। নদীভাঙনে বসতি হারিয়ে পরিবারগুলোর ছড়িয়ে পড়া এবং অভিভাবকদের অনাগ্রহকে অন্যতম কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা। এমন চিত্র গাইবান্ধার সাঘাটার হলদিয়া ইউনিয়নের গুয়াবাড়ি চরের।
সরেজমিন দেখা গেছে, গুয়াবাড়ি চরে পাতিলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান মাত্র ৫০০ মিটারের মধ্যে। দুই-তিন বছর আগে নদীভাঙন ও বন্যায় দিঘলকান্দী ও পাতিলবাড়ী চর বিলীন হয়ে যায়। পরে বিদ্যালয় দুটি গুয়াবাড়ি চরে স্থানান্তর করা হয়। পাশাপাশি তিনটি বিদ্যালয় থাকলেও শিক্ষার্থীর উপস্থিতি সন্তোষজনক নয়।
বিদ্যালয়গুলোতে গিয়ে জানা গেছে, পাতিলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন পাঁচ-সাতজন, দিঘলকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০-২৫ জন এবং গুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার-পাঁচজন শিক্ষার্থী উপস্থিত থাকে। শিক্ষার্থীর এমন কম উপস্থিতির মধ্যেই চলছে বিদ্যালয়গুলোর পাঠদান।
গুয়াবাড়ী এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থী কম হওয়ার অন্যতম কারণ নদীভাঙন। ভাঙনে মানুষের বাড়িঘর এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে হয়। এতে পরিবারগুলো স্থায়ীভাবে বসবাস করতে পারে না। অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তি থাকলেও বাড়ি দূরে হওয়ায় নিয়মিত আসতে পারে না।
একই এলাকার বাসিন্দা হাবিবুর রহমান জানিয়েছেন, পাতিলবাড়ী মৌজাটি এখন পুরোপুরি বসবাসের অনুপযোগী। এ কারণে বিদ্যালয়টি গুয়াবাড়ী মৌজায় অস্থায়ীভাবে নির্মাণ করে চালানো হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষক থাকলেও শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম।
সাঘাটা উপজেলার হলদিয়া ও সাঘাটা ইউনিয়নের বড় একটি অংশ চরাঞ্চল। এসব এলাকার মানুষের জীবন নদীভাঙন ও বন্যার সঙ্গে জড়িত। প্রতিবছর নদীভাঙনে বাড়িঘর হারিয়ে অনেক পরিবারকে অন্যত্র গিয়ে বসবাস করতে হয়। এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজ, সবজি চাষ ও গরু-ছাগল পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। কেউ কেউ কাজের সন্ধানে ঢাকায় যান। ফলে অনেক শিশুর নিয়মিত বিদ্যালয়ে যাওয়া সম্ভব হয় না।
চরাঞ্চলের গৃহবধূ আছিয়া বেগম জানিয়েছেন, এলাকার বেশিরভাগ মানুষ কৃষিকাজ ও গরু-ছাগল পালনের সঙ্গে যুক্ত। কেউ কেউ ঢাকায় গিয়ে কাজ করেন।
তবে শিক্ষার্থী কম হওয়ার পেছনে শুধু নদীভাঙনকে দায়ী করছেন না স্থানীয়দের কেউ কেউ। রশিদ মিয়ার দাবি, এলাকার অনেক অভিভাবক সন্তানদের পড়ালেখার চেয়ে ছোটবেলা থেকে কাজ শেখাতে বেশি আগ্রহী। তাদের ধারণা, ছোটবেলা থেকে আয়ের পথ তৈরি করতে পারলে ভবিষ্যতে পরিবারের অভাব দূর হবে।
তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা হলে তারাও শিক্ষার্থী কম হওয়ার অন্যতম কারণ হিসেবে নদীভাঙনের কথা জানিয়েছেন। দিঘলকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানিয়েছেন, নদীভাঙনে এলাকার মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। গুয়াবাড়ি চরটি দুই-তিন বছর আগে জেগে উঠেছে। আবার কখন নদীগর্ভে বিলীন হয়ে যায়, সেই আশঙ্কাও রয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহেশ শাফী জানিয়েছেন, চরাঞ্চলের বিদ্যালয়গুলোর পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ মানুষ নদীভাঙনের পর যেখানে গিয়ে আশ্রয় নেন, সেখানেই বিদ্যালয় স্থানান্তর করা হয়। তবে চর জেগে উঠলে বিদ্যালয়গুলো আবার আগের গ্রামেই ফিরিয়ে নেওয়া হবে।
এদিকে, গুয়াবাড়ী গ্রামে দুটি হাফেজিয়া মাদ্রাসারও তথ্য পাওয়া গেছে। একই এলাকায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি দুটি হাফেজিয়া মাদ্রাসা থাকলেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি কেন এত কম, তা নিয়ে প্রশ্ন উঠেছে।




