পদ্মা সেতুর কাছে অস্ত্র হাতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীদের মিছিল

ভিডিও থেকে নেওয়া
মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ মিছিল করেন তারা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
স্থানীয়দের ভাষ্য, ১৯ নভেম্বর দেশব্যাপী ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সফল করার লক্ষ্যে এ মিছিল ও শক্তি প্রদর্শন করা হয়। স্থানীয় মনোয়ার বেপারী ও দুলাল বেপারীর নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।
মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা হাতে মহাসড়কে মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
মিছিলের সময় সড়কে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। পরে বিএনপির নেতাকর্মীরা গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে জানতে শিবচর থানার ওসি কামাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।




