আ. লীগের সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রলপাম্পে হামলা-ভাঙচুর

সংগৃহীত ছবি
মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান সার্বিক ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের পাকদী এলাকায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত পেট্রলপাম্পটিতে হামলা চালায় হেলমেট পরা একদল ব্যক্তি।
স্থানীয়দের ভাষ্য, হামলাকারীদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা পাম্পের অফিসকক্ষ লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। এ সময় পাম্পের বিভিন্ন স্থাপনাও ভাঙচুর করা হয়। আকস্মিক এ হামলায় আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
পাম্পে কর্মরত ইব্রাহিম মিয়া বলেন, ‘আমরা তখন বিভিন্ন গাড়িতে তেল দিচ্ছিলাম। হঠাৎ দেখি, হেলমেট পরা বেশ কয়েকজন লোক অস্ত্রশস্ত্র নিয়ে পাম্পে আসে। তারা আমাদের উদ্দেশ্য করে পাম্পের অফিসকক্ষে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এলে তারা পালিয়ে যান।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মাদারীপুর সদর মডেল থানা-পুলিশ । থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘সার্বিক পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’




