ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা পর শ্রমিকদের সরাল পুলিশ

এক ঘণ্টা পর সচল হলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। ছবি: আগামীর সময়
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সদর উপজেলার দুটি স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ভবানীপুরের মেম্বারবাড়ি ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় তারা অবরোধ শুরু করেন। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে দুই স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করতে হবে। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।
খবর পেয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তবে বিক্ষুব্ধ শ্রমিকেরা সেই অনুরোধ উপেক্ষা করে সড়কে অবস্থান অব্যাহত রাখেন। এ সময় কয়েকজন শ্রমিক পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
সকাল সোয়া ১০টার দিকে অবরোধ সরিয়ে দেওয়া হলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। এর প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছেন গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।




