রংপুর
জব্দ ৭২ বস্তা ভেজাল সার

ছবি: আগামীর সময়
রংপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল সার ও বালাইনাশক তৈরির কাঁচামাল, সরঞ্জাম এবং বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়কসহ ৭২ বস্তা ভেজাল সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগাছার সৈয়দপুর বাজার সংলগ্ন তৈয়ব আলীর ছেলে আব্দুল মালেকের বাড়িতে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মালেক (৫০) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ভেজাল সার ও বালাইনাশক তৈরি করে আসছিলেন। গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন।
অভিযানে ৭২ বস্তা ভেজাল সারসহ বিভিন্ন কাঁচামাল, সরঞ্জাম এবং সিনজেনটাসহ বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়ক জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল পারুল ইউনিয়ন পরিষদে রাখা হয়। তবে অভিযানের সময় আব্দুল মালেক বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান, মাহাবুবার রহমান মন্ডল, আসাদুল ইসলাম ও শামসুজ্জামান। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।







