গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, আসামি মৃত আওয়ামী লীগ নেতা

মৃত আওয়ামী লীগ নেতা
বগুড়ার কাহালুতে গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় করা মামলায় মৃত এক আওয়ামী লীগ নেতাকে আসামি করার অভিযোগ উঠেছে।
ওই নেতার নাম এস এম গোলাম কিবরিয়া। তিনি মুরইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০২৩ সালের ১৩ নভেম্বর তিনি মারা যান।
আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
এর আগে গত ২০ নভেম্বর রাত ১১টার দিকে কাহালুর মালঞ্চা ইউনিয়নের অঘোর মালঞ্চা গ্রামে গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ নভেম্বর রাতে কাহালু থানায় মামলা করেন উপজেলার সাবানপুর গ্রামের বাসিন্দা মঞ্জুর রহমান সরদার।
মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ৩০৫ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারে ১০৯ নম্বর আসামি হিসেবে এস এম গোলাম কিবরিয়ার (৫০) নাম রয়েছে। সেখানে তার পরিচয় লেখা হয়েছে, মুরইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, গ্রাম মুরইল।
এজাহারে উল্লেখ করা হয়, জনসাধারণের জীবন বিপন্ন করা এবং সম্পদের মারাত্মক ক্ষতিসাধনের উদ্দেশ্যে আসামিরা নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে পেট্রলবোমার বিস্ফোরণ ঘটান।
স্থানীয় সূত্রে জানা যায়, এস এম গোলাম কিবরিয়া ২০২৩ সালের ১৩ নভেম্বর স্বাভাবিকভাবে মারা যান। তার মৃত্যুর খবর পুরো ইউনিয়নে মাইকিং করেও জানানো হয়েছিল। তবে এ বিষয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মামলার বাদী মঞ্জুর রহমান সরদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তার ভাষ্য, ‘এটা দলীয় মামলা। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।’
মামলায় মৃত ব্যক্তির নাম আসার বিষয়টি স্বীকার করেছেন কাহালু থানার ওসি শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘বাদী যে অভিযোগ দিয়েছিল, সেটাই মামলা হিসেবে রেকর্ড হয়েছে। তবে গোলাম কিবরিয়া নামে একজন মৃত ব্যক্তিকে আসামি করার কথা উঠেছে। আমরা সেই নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। তার মৃত্যু সনদ সংগ্রহ করেছি। সেটা আদালতে পাঠাব আমরা।’



