কক্সবাজার
অপ্রাপ্তবয়স্কদের হাতে ১০ ইজিবাইক, জব্দ

গ্রাফিকস: আগামীর সময়
অপ্রাপ্তবয়স্ক চালকের হাতে ইজিবাইক। নেই জাতীয় পরিচয়পত্র কিংবা বৈধ কাগজপত্র। সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করা এমন ১০টি টমটম (ইজিবাইক) জব্দ করেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রশাসন।
আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
উপজেলা কার্যালয়ের সামনে ইসলামাবাদ-পোকখালী-গোমাতলী সড়কে নিয়মিত তদারকির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। এ সময় সড়কে চলাচলকারী টমটমগুলোর কাগজপত্র যাচাই করা হয়। যাচাইয়ের সময় অপ্রাপ্তবয়স্ক শিশুদের দিয়ে চালানো ১০টি টমটমের সন্ধান পাওয়া যায়। এসব ইজিবাইকের চালকদের জাতীয় পরিচয়পত্র ছিল না। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া বৈধ কোনো কাগজপত্রও দেখাতে পারেননি তাঁরা। পরে টমটমগুলো জব্দ করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেছেন, ‘জনস্বার্থে এবং সড়কে যানজট নিরসনে এ অভিযান অব্যাহত থাকবে।’
টমটম মালিকদের অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে ইজিবাইক না চালানো এবং কাগজপত্রহীন টমটম ভাড়া না দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি অবগত করেন, সড়কে শৃঙ্খলা ফেরানো ও যানজট কমাতে নিয়মিত তদারকির পাশাপাশি অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে চলাচলকারী ইজিবাইকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




