গাজীপুরে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

ছবি: আগামীর সময়
গাজীপুরের পুবাইলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে সৃষ্ট কালো ধোঁয়ায় ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও যাত্রীরা জনান, বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনটি পুবাইল স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে চলতে থাকে। গাজীপুর মহানগরীর পুবাইল স্টেশন ছাড়িয়ে কিছু দূর যাওয়ার পরই ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে প্রচুর কালো ধোঁয়ার তৈরি হলে ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়ায়।
এ সময় ট্রেনটির ইঞ্জিন বন্ধ করে দিলে ধোঁয়া কমে গেলেও আগুন থেকে যায়। পরে স্থানীয়রা পানি নিয়ে এগিয়ে এসে ও ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়ার তৈরি হয়েছিল। তবে আগুন ছিল কি-না তা নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।



