ভাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় কপিল মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ রবিবার রাত ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ারমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কপিল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আইকদিয়া ইউনিয়নের বাঘাদিয়া গ্রামের কালিপদ মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কপিল মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশে মুকসুদপুর যাচ্ছিলেন। পথে আড়ুয়ারমাঠ ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় কপিল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।



