রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার

পিস্তল-গুলিসহ কিশোর গ্যাং নেতা রেদওয়ান গ্রেপ্তার
কক্সবাজারের রামুর গর্জনিয়ায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মোহাম্মদ রেদওয়ান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি এলাকায় কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত বলে জানা গেছে।
গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে গর্জনিয়া ইউনিয়নের বোমাংখীল বটতলী এলাকায় এ অভিযান চালানো হয়।
মারুফ মেম্বারের কার ওয়াশ সার্ভিসিংয়ের সামনে থেকে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইউনুস।
গ্রেপ্তার রেদওয়ান গর্জনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বোমাংখীল এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুল রহমান জানান, গ্রেপ্তারের পর ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে রামু থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।



