এসআই ও বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

গ্রেপ্তার ট্রাকচালক
গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ও বিএনপির এক নেতার মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত ট্রাকচালককে পিরোজপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
গতকাল বৃহস্পতিবার রাতে পিরোজপুরের ইন্দুরকানীর চারাখালী এলাকায় অভিযান চালিয়ে মো. মাজহারুল ইসলাম (২৫) নামের ওই চালককে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-১, গাজীপুরের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর রাত আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের প্রধান ফটকের পশ্চিম পাশে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে দুই ব্যক্তিকে তল্লাশি করছিলেন কালীগঞ্জ থানার পুলিশ সদস্যরা। এ সময় সেখানে উপস্থিত হন কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)। রাত সাড়ে ৩টার দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে টিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন। ট্রাকটি রফিকুল ইসলাম মোল্লার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় ট্রাকটি থামানোর চেষ্টা করেন এসআই মো. মিজানুর রহমান। কিন্তু চালক গতি বাড়িয়ে তাকে ট্রাকের সামনের অংশে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫০০ গজ টেনে নিয়ে যান। পরে তাকে ফেলে রেখে পালিয়ে যান চালক। গুরুতর আহত এসআই মিজানুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসআরবি-৮-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার জানান, চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে এসআরবি-১ ও এসআরবি-৮-এর যৌথ দল অভিযান চালায়। গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাজহারুল ইসলামকে পিরোজপুরের ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়েছে।



