রাজবাড়ীতে দুই ইউনিয়ন পরিষদে আগুন

রাজবাড়ীর পাংশা উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ইউনিয়ন পরিষদ দুটি হলো উপজেলার শরিষা ও মৌরাট ইউনিয়ন।
আজ রবিবার ভোরের দিকে ইউনিয়ন পরিষদ দুটির বারান্দায় আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কে বা কারা রাতে ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতি সাধন করার চেষ্টা করেছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
শরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, আমি বেশ কিছু দিন পাংশার বাইরে আছি। ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দেয়ার কথা শুনেছি। তবে বেশি ক্ষতি হয়নি বলে জানতে পারছি। কে বা কারা আগুন দিয়েছে তা বলতে পারছি না।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।




