৫ বছর ধরে ভাতা না পাওয়ার অভিযোগ ইউপি সদস্যর

ভুক্তভোগী ইউপি সদস্য আজমির হোসেন
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আজমির হোসেন পাঁচ বছর ধরে ভাতা পান না। চেয়ারম্যান ও পরিষদের সচিবের যোগসাজশে তিনি বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
তার দাবি, ওয়ার্ডে পর্যাপ্ত ট্যাক্স আদায় হলেও অদৃশ্য কারণে তার প্রায় আড়াই লাখ টাকার ভাতা আটকে রাখা হয়েছে। অথচ অন্য ইউপি সদস্য ও চেয়ারম্যান নিয়মিত ভাতা তুলছেন।
বকেয়া ভাতা পেতে গত ২ নভেম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম বাবুলের কাছে লিখিত আবেদন করেছেন আজমির। তিনি হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের দুবারের নির্বাচিত সদস্য। পেশায় একজন ব্যবসায়ী।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে টানা দুবার ইউপি সদস্য নির্বাচিত হন আজমির। নিয়ম অনুযায়ী, প্রতি মাসে পরিষদ থেকে তাদের ৪ হাজার ৬০০ টাকা করে ভাতা পাওয়ার কথা। তবে প্রথম মেয়াদে তিনি নিয়মিত ভাতা পাননি। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ভাতা পেয়েছেন। এরপর থেকে তার ভাতা বন্ধ রয়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১১ এপ্রিল চেয়ারম্যান সামছুল ইসলাম বাবুল ও প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের স্বাক্ষরে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ১ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা ভাতা দেওয়া হয়। ওই সময় চেয়ারম্যান সামছুল ইসলাম ২০২৩ সালের মার্চ পর্যন্ত, ইউপি সদস্য সেলিনা আক্তার সুমি ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত, মোহাম্মদ মাসুদ ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এবং কাজী ফরিদ উদ্দিন আকবর ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভাতা পেয়েছেন। তবে আজমিরের ভাতা পরিশোধ করা হয়েছে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত।
আজমির হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে যে ভাতা দেওয়ার কথা, তা দিচ্ছে না। আমার সঙ্গে বৈষম্য করা হয়েছে। আমি ১০ বছরের মধ্যে ৫ বছরই ভাতা পাইনি। কিন্তু আমার ওয়ার্ড ও ইউনিয়ন থেকে যথারীতি ট্যাক্স সংগ্রহ করা হয়েছে। ইউনিয়ন পরিষদেও জমা হয়েছে। কিন্তু ওই টাকাগুলো কোথায়, কীভাবে গেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যেহেতু আমি ভাতা পাইনি, বারবার চেয়ারম্যান ও সচিবের কাছে গেলেও তারা আমার টাকা দিচ্ছেন না। তাদের যোগসাজশেই আমি বৈষম্যের শিকার।’
এ ছাড়া ক্রমিক নম্বর ছাড়া রসিদ ব্যবহার করে ট্যাক্স আদায়ের অভিযোগও তুলেছেন আজমির। তার প্রশ্ন, এসব রসিদের মাধ্যমে আদায় করা টাকা কোথায় জমা হয়েছে এবং কীভাবে ব্যয় করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মিজানুর রহমান। তিনি বলেন, ‘আজমির দুবারের নির্বাচিত সদস্য। প্রথম মেয়াদের বকেয়া ভাতা থেকে গিয়েছিল। তিনি ওই বকেয়ার টাকা উত্তোলন করেছেন। এ কারণে চলতি মেয়াদে তার ভাতা বকেয়া হয়েছে। ট্যাক্স আদায় হলেও অবশ্যই তাকে টাকা দেওয়া হবে। ট্যাক্স সংগ্রহের বই ছাপানোর সময় হয়তো ক্রমিক নম্বর দেওয়া হয়নি। বিষয়টি তারা খতিয়ে দেখবেন।’
হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম বাবুল বলেন, ‘ট্যাক্স আদায় কম হওয়ায় পরিষদ থেকে ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। ইউপি সদস্যদের ট্যাক্স আদায় করে ভাতা নেওয়ার জন্য বলা হয়েছে। আজমির তার কাছে লিখিত আবেদন করেছেন। ট্যাক্স আদায় করতে পারলে তার পাওনা টাকা দেওয়া হবে। তাকে নিয়ে বৈষম্যের অভিযোগ সত্য নয়।’




