বরিশালে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের বরিশাল মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যে জানা যায়, নগরীতে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করার পরিকল্পনা করছেন। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা, ধোপাবাড়ির মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চিরুনি অভিযান চালানো হয়। অভিযানে ১১ জনকে আটক করা হয়। পরে তাদের মোবাইল ফোন ও অন্যান্য তথ্য যাচাই করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করে পুলিশ।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন জুয়ার ওয়েবসাইট পরিচালনা এবং মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট তথ্যও মিলেছে। পরবর্তীতে জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে নগরীর বিভিন্ন থানায় দায়ের হওয়া নিয়মিত মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।






