ফদিপুর
দুই চোখ উপড়ে নেওয়ার পর যুবককে বিলের পাশে ফেলে গেল দুর্বৃত্তরা

ফরিদপুর সদর উপজেলায় দুই চোখ উপড়ে ফেলে হাত-পা বেঁধে এক যুবককে বিলের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তিনি এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে মৃত ভেবে বিলের পাড়ে ফেলে রেখে যায়।
আজ স্থানীয় লোকজন বিলের পাশের একটি ধানখেতে তাকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় কয়েকজনের দাবি, দেলোয়ার এলাকায় চুরির সঙ্গে জড়িত ছিলেন। প্রায়ই বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটাতেন। তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন।
এ বিষয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া জানিয়েছেন, সকালে তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। তবে তার আগেই পরিবারের সদস্যরা দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।




