অভয়নগরে সড়কে প্রাণ গেল বৃদ্ধের

গ্রাফিকস: আগামীর সময়
যশোরের অভয়নগরে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ওসমান ফকির (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার নওয়াপাড়া নুরবাগ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওসমান ফকির উপজেলার ধোপাদী উলুবটতলা গ্রামের মৃত শরীয়ত উল্যাহ ফকিরের ছেলে।
জানা যায়, শনিবার সকালে বাড়ি থেকে বাজার করার উদ্দেশ্যে নওয়াপাড়া বাজারে যান ওসমান ফকির। বাজার শেষে একটি ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে নুরবাগ মোড়ে পৌঁছালে দ্রুতগতির ভ্যানটি কাভার্ড ভ্যানের সামনে চলে যায়। এ সময় ওসমান ফকিরের পা ভ্যানে আটকে গেলে তিনি সড়কে পড়ে যান। পরে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সবুজ বিশ্বাস জানান, শনিবার দুপুর ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ বললেন, দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





