ভালুকায় নিষিদ্ধ যুবলীগের মিছিল, ওসি বললেন- ‘ফেসবুকে দেখেছি’

সংগৃহীত ছবি
ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কোলাকোলা ফ্যাক্টরির সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি যায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সিডস্টোর বাজারের দিকে।
মিছিলের নেতৃত্ব দেন হবিরবাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ। মিছিল শেষে মহাসড়কের আইলেনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া তিন মিনিট তিন সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনে একটি ব্যানার। এতে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০’ এবং ‘সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল’।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। তাদের মধ্যে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’ এবং ‘জামায়াত-শিবির রাজাকার, এ মুহূর্তে বাংলা ছাড়’—এ ধরনের স্লোগান দিতে শোনা যায়।
মিছিলে প্রায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতি ভিডিওতে দেখা যায়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বললেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একটি মিছিলের ভিডিও ফেসবুকে দেখেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।






