‘অশুভ শক্তির বিরুদ্ধে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বিএনপি’
ফরিদপুর প্রতিনিধি

ছবি: আগামীর সময়
ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, গত ১৭ বছর সনাতন ধর্মাবলম্বীরা নানা অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। গত ৬ মাস বিএনপি সরকার গঠন করেছে। এ সময় কারো ওপর অত্যাচার-নির্যাতনের ঘটনা ঘটেনি। মূলত বিএনপি সরকারের কাছেই নিরাপদ সনাতন ধর্মাবলম্বীরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরের শ্রী অঙ্গন চত্বরে ফিতা কেটে র্যালির উদ্বোধনকালে তিনি একথা বলেন।
র্যালিটি শ্রী অঙ্গন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শ্রী অঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালিতে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন।
তিনি আরো বলেন, ভগবান শ্রীকৃষ্ণ যেমন অশুভ শক্তির বিরুদ্ধে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকেছেন, ঠিক তেমনই বিএনপিও অশুভ শক্তির বিরুদ্ধে গিয়ে আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এদিকে বিকেলে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।






