চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল দুজনের

দুর্ঘটনায় সড়কের পাশে উল্টে পড়ে আছে সবজি বোঝাই পিকআপটি। ছবি: আগামীর সময়
কক্সবাজারের চকরিয়ায় বাস ও সবজিবাহী পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলার ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং চকরিয়া উপজেলার মাতামুহুরি রামপুর এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (২৫)। তারা দুজনই পিকআপের আরোহী ছিলেন।
স্থানীয় আব্দুল রশিদ জানিয়েছেন, দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় পিকআপটি মহাসড়কে উল্টে কাত হয়ে পড়ে থাকতে দেখা যায়।
মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপটি নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপের দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া জানিয়েছেন, নিহত দুজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান।




