পাবনায় হলুদক্ষেতে পড়ে ছিল ব্যবসায়ীর ঝলসানো লাশ

ছবি: আগামীর সময়
পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (৩৮) নামের এক ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামে নিজ বাড়ির পেছনের একটি হলুদখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুপ্রভাত মদক ওই গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি কাশীনাথপুর বাজারে একটি রেস্তোরাঁ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, সোমবার বিকালে স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যান সুপ্রভাত মদক। চিকিৎসা শেষে স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দিয়ে তিনি পরে ফিরবেন বলে জানান। তবে রাতে তিনি আর ব্যবসাপ্রতিষ্ঠানে বা বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা স্বজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে রাতে আমিনপুর থানায় বিষয়টি মৌখিকভাবে জানান। পুলিশ তার সন্ধানে নামেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, নিখোঁজের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তার মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়। রাত ১২টার দিকে ফোন চালু পাওয়া গেলেও একাধিকবার কল করা সত্ত্বেও তিনি তা রিসিভ করেননি।
মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পেছনের হলুদক্ষেতে সুপ্রভাত মদকের আগুনে ঝলসানো মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, তাকে হত্যার আগে নির্যাতন বা আগুনে পোড়ানো হয়েছে নাকি হত্যার পর আলামত লোপাটে শরীরে আগুন ধরানো হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটন ও জড়িয়ে থাকা ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।




