একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

লাইনচ্যুত একতা এক্সপ্রেস— সংগৃহীত
ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার বিকাল ৪টার দিকে ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনের কাছে ঘটেছে এ ঘটনা। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল সাময়িক বন্ধ।
ঘটনাটি নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন।
তার ভাষ্য, একতা এক্সপ্রেস ঈশ্বরদী স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী রিফিল ট্রেন কাজ শুরু করবে। আশা করছি কয়েক ঘণ্টার মধ্যে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
এদিকে এ ঘটনায় ভোগান্তিতে পড়তে হয়েছে একতা এক্সপ্রেস ট্রেনে থাকা যাত্রীদের। এরই মধ্যে অনেক যাত্রী বিকল্প রাস্তায় রওনা দিয়েছেন।





