বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শিয়ালের কামড়ে আহত ১১

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন আহতরা। ছবি: আগামীর সময়
নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে শিয়ালের কামড়ে ১১ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে ২ জন নারী ও ৯ জন পুরুষ। তারা পৌরসভার ঘোরলাজ, নওশেরা, বারইপাড়া, সোনাপাতিল ও পেড়াবাড়িয়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।
আহতদের একজনের নাম পলি। তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে উপজেলা চত্বর এলাকায় শিয়ালের কামড়ের শিকার হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শামুন আল হাসান সৌমিক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিয়ালের কামড়ে আহত এক রোগী হাসপাতালে আসেন। প্রায় ১ ঘণ্টার মধ্যে শেয়ালের কামড়ে আহত ১১ জন এখানে চিকিৎসা নেন।
তিনি জানিয়েছেন, শিয়ালের কামড়ের ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে। হাসপাতালে পর্যাপ্ত জলাতঙ্কের টিকা মজুদ রয়েছে রয়েছে বলে জানিয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম আগামীর সময়কে জানিয়েছেন, শিয়ালের কামড়ে একাধিক ব্যক্তি আহত হওয়ার বিষয়টি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। রাজশাহী থেকে বিশেষজ্ঞ দল এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ছাড়া স্থানীয়ভাবে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে।




