বীরগঞ্জ মডেল প্রেস ক্লাবের নতুন সভাপতি উত্তম, সম্পাদক জলিল

সভাপতি উত্তম শর্মা ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল
দিনাজপুরের বীরগঞ্জ মডেল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা, সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার বার্তার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের আলোর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাইফুল্লাহ সাইফ এবং কোষাধ্যক্ষ পদে দৈনিক আগামীর সময়ের বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি রেজাউল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে ছিল আনন্দ ও উদ্দীপনা। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে ভোটার ও প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন।
নির্বাচনে বিজয়ী সভাপতি উত্তম শর্মা, সাধারণ সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ সাইফ ও কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম প্রেস ক্লাবের সাংবাদিকদের ঐক্য, অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত নেতারা বীরগঞ্জ মডেল প্রেস ক্লাবকে আরও কার্যকর, গতিশীল ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও উন্নয়ন এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



