শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আইসিটি মন্ত্রীর

দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
বুধবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফকির মাহবুব আনাম বলেছেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। এ দেশের মানুষ শান্তিপ্রিয়। শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।
বিক্ষোভ মিছিলটি মধুপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক মো. মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার ও পৌর বিএনপির সহসভাপতি লিলি সরকারসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



