পুকুরে ভাসছিল নিখোঁজ বৃদ্ধের মরদেহ

গ্রাফিকস: আগামীর সময়
মাদারীপুরের শিবচরে পুকুর থেকে রাজ্জাক মাতুব্বর (৯০) নামে এক নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাগমারা বাজার পুলিশ ফাঁড়ি সড়ক সংলগ্ন একটি পুকুর থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
মৃত রাজ্জাক উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকৈর এলাকার মৃত দলিল উদ্দিন মাতুব্বরের ছেলে।
রাজ্জাকের ছেলে ইব্রাহিম হোসেনের ভাষ্য, বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায়ই নিরুদ্দেশ হয়ে যেতেন। গত সোমবার থেকে তিনি বাড়ির বাইরে ছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন তারা।
নিলখী পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসরুল জানিয়েছেন, সোমবারও ওই ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা।
এসআই মো. মাসরুল বলেছেন, ‘পুলিশের প্রাথমিক ধারণা, পুকুরে গোসল করতে নেমে ডুবে রাজ্জাকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।’







