বাজুয়ায় দীপাবলি উৎসবে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ছবি: আগামীর সময়
খুলনার দাকোপে দীপাবলি উৎসব উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার বাজুয়া চড়ারবাঁধসংলগ্ন চড়া নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সব্যসাচী ক্লাব ও বাজুয়া অগ্রগামী যুব সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এই গ্রামীণ ঐতিহ্য দেখতে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
দীপাবলি উৎসব ও নৌকা বাইচ উদযাপন কমিটির আহ্বায়ক পার্থ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন, চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট খুলনা জেলার সদস্য সচিব দীপক কুমার সরদার।
এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা বেনি মাধব বিশ্বাস, খান মনিরুল ইসলাম, রাজু হাওলাদার, হালিম হাওলাদার প্রমুখ। এ সময় দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অধিকার করে পাইকগাছার শান্তা ও চান্দুড়িয়া এলাকার ওবায়দুল সরদার ও ঠাকুরদাশ সরকারের ‘দুরন্ত’ নৌকা। বিজয়ী হিসেবে তাদের ৪০ হাজার টাকার প্রথম পুরস্কার প্রদান করেন দাকোপ প্রেস ক্লাবের সভাপতি মো. শামীম হোসেন। দ্বিতীয় স্থান অধিকার করে দাকোপের সিটিবুনিয়া এলাকার সঞ্জয় মণ্ডলের ‘শ্রেয়া’ নৌকা, যাদের ৩০ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার দেয় পূজা উদযাপন কমিটি। এ ছাড়া তৃতীয় স্থান অধিকার করে সুজয় রায়ের ‘স্বপ্নতরী’ নৌকা, যাদের ২০ হাজার টাকার তৃতীয় পুরস্কার দেন আকবর তালুকদার।
নৌকা বাইচকে কেন্দ্র করে পুরো বাজুয়া এলাকা ও নদীর তীর এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। বর্ণাঢ্য এই আয়োজন গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজক ও অতিথিরা।




