চীনে যুব নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে বাংলাদেশের ৬ তরুণ

চীনে আন্তর্জাতিক যুব নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন বাংলাদেশের ছয় তরুণ প্রতিনিধি। ১৩ নভেম্বর বেইজিং ও হাইনান প্রদেশে শুরু হওয়া ৯ দিনব্যাপী এ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৮০ জন তরুণ অংশ নিচ্ছেন।
‘ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর আ কমিউনিটি উইথ আ শেয়ার্ড ফিউচার অ্যামং নেইবারিং কান্ট্রিজ (২০২৬)’ শীর্ষক এ কর্মসূচির লক্ষ্য বিভিন্ন দেশের তরুণদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্বের সক্ষমতা তৈরি করা।
বাংলাদেশের ছয় প্রতিনিধি হলেন একেএম মাজহারুল ইসলাম, সাদ্দাম হোসেন, মো. আবুল হাসান, মো. রিয়াজুল ইসলাম, মো. ওয়াবিদুর রহমান ও করিম আল জাহিন। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও রাশিয়াসহ বিভিন্ন দেশের তরুণেরা এতে অংশ নিচ্ছেন।
কর্মসূচিতে উচ্চপর্যায়ের সংলাপ, বিষয়ভিত্তিক আলোচনা, বিশেষজ্ঞদের বক্তৃতা, বিভিন্ন প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন এবং সাংস্কৃতিক বিনিময়ের আয়োজন রয়েছে। এসব কার্যক্রমে অংশগ্রহণকারীরা বিভিন্ন দেশের শিক্ষাবিদ, পেশাজীবী, নীতিনির্ধারক ও তরুণ নেতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।
আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, নেতৃত্বের দক্ষতা ও আন্তসাংস্কৃতিক যোগাযোগ বাড়বে। পাশাপাশি চীনের উন্নয়ন অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে জানার সুযোগ পাবেন তারা।
বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন দেশের তরুণ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ, চীন ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি হবে।



