কুষ্টিয়ায় নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা নিহত

সংগৃহীত ছবি
কুষ্টিয়ায় বেপরোয়া নছিমনের ধাক্কায় নিহত হয়েছেন টিক্কা মোল্লা নামে এক ঝালমুড়ি বিক্রেতা। জীবিকার তাগিদে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বের হলেও আর বাড়ি ফেরা হয়নি তার। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচল ও সড়কে গতিরোধক না থাকা নিয়ে অভিযোগও করেছেন অনেকে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর জিলাপীতলা মোড়ে ঘটে এ দুর্ঘটনা। নিহত টিক্কা মোল্লা (৫৬) খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের খালপাড়া এলাকার বাসিন্দা। পেশায় ঝালমুড়ি বিক্রেতা ছিলেন তিনি। তার পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই সন্তান।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাজবাড়ীর দিক থেকে আসা একটি গরুবাহী সেলোইঞ্জিনচালিত নছিমন যাচ্ছিল কুষ্টিয়ার দিকে। এ সময় টিক্কা মোল্লা তার ঝালমুড়ির ভ্যান নিয়ে মহাসড়কের এক পাশ থেকে পার হচ্ছিলেন অন্য পাশে। তখন বেপরোয়া গতির নছিমনটি সজোরে ধাক্কা দেয় সেই ভ্যানে। ধাক্কার তীব্রতায় ভ্যানসহ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান টিক্কা।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পাশে গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছে টিক্কা মোল্লার মরদেহ। পাশেই পড়ে আছে দুমড়ে-মুচড়ে যাওয়া ভ্যানটি। চারপাশে ছড়িয়ে ছিল ঝালমুড়ি বিক্রির মালামাল।
প্রত্যক্ষদর্শী আজগর আলী বলেন, ‘সড়ক পার হচ্ছিলেন ঝালমুড়ি বিক্রেতা। এ সময় হঠাৎ বেপরোয়া গতিতে ভ্যানটিকে ধাক্কা দেয় একটি গরু পরিবহনকারী নছিমন গাড়ি। এতে ভ্যানসহ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান টিক্কা।’
দুর্ঘটনার পর অবৈধ যানবাহনের দৌরাত্ম্য ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। স্থানীয় শিক্ষার্থী হাসিব মাহমুদের অভিযোগ, ‘জিলাপীতলা মোড়ে বাজার থাকার পরও এখানে নেই কোনো গতিরোধক। এর ওপর অবৈধ নছিমন চলছিল বেপরোয়া গতিতে। প্রশাসনের উদাসীনতা, অতিরিক্ত গতি আর গতিরোধক না থাকার কারণেই আজ প্রাণ গেল এক মানুষের।’
নিহতের শ্যালক মিন্টু হোসেন জানান, ‘প্রতিদিনের মতো দুপুর দুইটার দিকে দুলাভাই ঝালমুড়ি বিক্রির জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। সন্ধ্যার পর দুর্ঘটনার খবর শুনে এসে দেখি রাস্তার ধারে পড়ে আছে লাশ, ভেঙে চুরমার হয়ে গেছে ভ্যানটাও।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম। স্থানীয় জনতা ঘাতক নছিমনটি আটক করলেও পালিয়ে গেছে চালক। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে বিষয়টি।






