ড. মোশাররফের শুভেচ্ছাবার্তা
সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে হতে হবে ঐক্যবদ্ধ

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের জনগণ, দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার (২৭ মে) এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেছেন, ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা দেয় ঈদুল আযহা। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন পর্যায়ে ন্যায়, নৈতিকতা ও দায়িত্ববোধ প্রতিষ্ঠার প্রেরণা জোগায় হযরত ইব্রাহিমের (আ.) আত্মত্যাগের সেই মহান আদর্শ ।
ড. খন্দকার মোশাররফের ভাষ্য, কোরবানির প্রকৃত শিক্ষা কেবল পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আত্মশুদ্ধি, আত্মসংযম এবং সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই রয়েছে এর প্রকৃত তাৎপর্য। ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা স্বাস্থ্যবিধি অনুসরণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশবান্ধব উপায়ে দাউদকান্দি ও মেঘনা উপজেলার জনগণকে আহ্বান জানিয়েছেন কোরবানি সম্পন্ন করতে। তার অভিমত, একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে কাজ করতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে।
তিনি আরও বলেছেন, বর্তমান সময়ে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্যেও ঈদের শিক্ষা জোগায় নতুন শক্তি ও প্রেরণা। ত্যাগ ও মানবতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হোক সবার অঙ্গীকার।
শুভেচ্ছা বার্তার শেষে আল্লাহর দরবারে দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেছেন সাবেক এ মন্ত্রী।






