সিদ্ধিরগঞ্জ
অস্ত্রের মুখে জিম্মি করে অটোরিকশা লুট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি অটোরিকশার গ্যারেজের নৈশপ্রহরী ও এক গাড়িচালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৯২টি ব্যাটারি, চার্জার এবং একটি অটোরিকশা লুট করেছে ডাকাত দল।
গতকাল শনিবার রাত আনুমানিক ২টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতরা গ্যারেজে থাকা দুজনের হাত, পা ও মুখ বেঁধে রাখে। গ্যারেজের মালিক মো. মাহবুবুর রহমান অজ্ঞাতনামা ১০-১২ জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় মাহবুবুর রহমানের ব্যাটারিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলারের একটি গ্যারেজ রয়েছে, যেখান থেকে ১৫-২০ জন চালক ভাড়ায় গাড়ি চালান।
গ্যারেজের নিরাপত্তার দায়িত্বে রাতে সেখানে অবস্থান করতেন মালিকের বাবা। ঘটনার দিন রাত ১২টার দিকে অধিকাংশ গাড়ি গ্যারেজে জমা হলেও একটি গাড়ি ফিরতে দেরি হওয়ায় তিনি ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে অপেক্ষা করছিলেন।
রাত আনুমানিক ২টার দিকে ছুরি, চাপাতি ও রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ১০-১২ জনের একটি ডাকাতদল গ্যারেজের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে মালিকের বাবা ও উপস্থিত এক গাড়িচালকের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর গ্যারেজে থাকা ২৩টি অটোরিকশা থেকে ৯২টি ব্যাটারি ও চার্জার খুলে একটি পিকআপে তুলে নেয় এবং একটি বড় অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
গ্যারেজ মালিক মাহবুবুর রহমান জানান, রাত ৩টা ৫০ মিনিটের দিকে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে তিনি গ্যারেজে ছুটে যান এবং বাবা ও চালককে বাঁধা অবস্থায় উদ্ধার করেন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও লুণ্ঠিত মালামাল বা ডাকাতদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের শনাক্তসহ মালামাল উদ্ধারে তদন্ত চলছে।




