মহেশপুরে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে নারীসহ আটক ৬

আটকরা
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক নারীসহ ৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন মাধবখালী ও খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভোর সোয়া ৫টার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/৫-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. জব্বারের আমবাগানে অভিযান চালানো হয়। হাবিলদার মো. আলিয়ার রহমানের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
অন্যদিকে, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/৭৭-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোলেমানপুর গ্রামের ইটভাটার মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। হাবিলদার মো. নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টার সময় পাঁচ পুরুষ ও এক নারীকে আটক করা হয়।
আটক পুরুষরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মো. আলম মিয়া (৩৪), গাজীপুর সদর উপজেলার মো. শওকত মিয়া (২৪), কিশোরগঞ্জের ইটনা উপজেলার মো. রেহাত মিয়া (৩১), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সঞ্জয় মণ্ডল (৩৬) এবং পাবনার আটঘরিয়া উপজেলার মো. মাসুদ রানা (৩৫)। আটক নারীর নাম-পরিচয় প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুসী ইমদাদুর রহমান।



