রাশেদ খাঁন
বিরোধী দলের উসকানিতেই প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

কথা বলছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ছবি : আগামীর সময়
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়ে এক যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধী দলের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বিরোধী দলের উসকানিতে ওই যুবক এমন দুঃসাহস দেখিয়েছেন বলেও দাবি করেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ১৯৯৬ ও ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী জোট করেছিল। এখন আবার তারা এক হয়েছে। জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি বলেন, রাজশাহী সফরকালে এক যুবক ফেসবুকে প্রধানমন্ত্রীকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়েছেন। এই ঘটনার পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উসকানি ও বিতর্কিত অবস্থানের কারণে ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করার উৎসাহ পেয়েছেন বলে তিনি দাবি করেন।
জামায়াত আমিরের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন। জামায়াতের নেতারা তাকে দরবেশ ভাবতে পারেন, কিন্তু তিনি একের পর এক রাজনৈতিক মিথ্যাচার করে যাচ্ছেন। তিনি জাসদ ছাত্রলীগ করতেন এবং সন্ত্রাসে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন। তার প্রশ্ন, জামায়াতে যোগ দেওয়ার পর কি তিনি মিথ্যা বলা ছেড়ে দিয়েছেন?
রাশেদ খাঁন আরও বলেন, জামায়াত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত রয়েছেন।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্যসচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




