স্কুল ফিডিংয়ের দুধ পান করে অসুস্থ ৩৬ শিক্ষার্থীই বাড়ি ফিরেছে

ছবি: আগামীর সময়
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা প্যাকেটজাত দুধ পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৬ শিক্ষার্থীই চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. বিমল কুমার দেবনাথ বলেন, চিকিৎসা শেষে সোমবার রাতেই অসুস্থ ৩৬ শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা সবাই বাড়ি ফিরে গেছে।
আজ মঙ্গলবার সকালে কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, অসুস্থ হওয়া প্রায় সব শিক্ষার্থীই বিদ্যালয়ে এসেছে। দেবীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বিদ্যালয়টি পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, শিক্ষার্থীরা সবাই ভালো আছে বলে জানিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিদুল ইসলাম বলেছেন, অসুস্থ হওয়া ৩৬ শিক্ষার্থীর মধ্যে একজন ছাড়া সবাই মঙ্গলবার বিদ্যালয়ে এসেছে। তারা সম্পূর্ণ সুস্থ রয়েছে। অনুপস্থিত শিক্ষার্থী মনির হোসেনের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, সে দাওয়াত খেতে যাওয়ায় বিদ্যালয়ে আসেনি। মনিরও সুস্থ রয়েছে বলে জানান তিনি।
এর আগে সোমবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা প্যাকেটজাত দুধ পান করে ৩৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা।
ঘটনাটি তদন্তে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত কমিটির প্রতিবেদনের পর শিক্ষার্থীরা কেন অসুস্থ হয়ে পড়েছিল এবং বিতরণ করা দুধের মান নিয়ে কোনো সমস্যা ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।



