দিনাজপুরে শিশু নিহতের প্রতিবাদে ট্রলিতে আগুন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় ট্রলিচাকায় পিষ্ট হয়ে আবিদ হাসান (৪) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর শাহপাড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা। আবিদ ওই এলাকার আশিদুল ইসলামের ছেলে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা ট্রলিটিতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়দের ভাষ্য, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে আবিদ ও আরেকটি শিশু খেলছিল। এ সময় পুকুরের মালিক মামুন সেখানে মাছ ধরছিলেন। একপর্যায়ে তারা দৌড়ে রাস্তার দিকে চলে যায়। এ সময় অন্য দুই শিশু রক্ষা পেলেও ট্রলির চাকায় পিষ্ট হয় আবিদ।
খানসামা থানার ওসি আব্দুল বাছেত সরকারের ভাষ্য, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।v



