বোয়ালখালীতে হারিয়ে যাচ্ছে সুগন্ধি কালোজিরা ধান

বোয়ালখালীর মাঠে শোভা পাচ্ছে সুগন্ধি কালোজিরা ধান। ছবি: আগামীর সময়
একসময় চট্টগ্রামের বোয়ালখালীর মাঠ জুড়ে চাষ হতো সুগন্ধি কালোজিরা ধান। উৎসব-পার্বণে এ ধানের চালের পোলাও, বিরিয়ানি কিংবা পায়েসের ছিল আলাদা কদর। তবে সময়ের সঙ্গে আধুনিক ও উচ্চফলনশীল ধানের জাতের বিস্তারে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এ ধান।
গত পাঁচ-ছয় বছরে উপজেলায় কালোজিরা ধানের আবাদ ২৫ হেক্টর থেকে কমে মাত্র ৪ দশমিক ৫ হেক্টরে নেমে এসেছে। বীজের সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি ও তুলনামূলক কম ফলনের কারণে কৃষকরা এ ধান চাষে আগ্রহ হারাচ্ছেন। তবে এখনো কিছু কৃষক নিজেদের আগ্রহে বিচ্ছিন্নভাবে এ চাষ ধরে রেখেছেন।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর বোয়ালখালীতে মাত্র ৪ দশমিক ৫ হেক্টর জমিতে কালোজিরা ধানের আবাদ হয়েছে। পাঁচ-ছয় বছর আগেও এ পরিমাণ ছিল প্রায় ২৫ হেক্টর। বর্তমানে উপজেলার খিতাপচর, আমুচিয়া, পশ্চিম গোমদণ্ডী ও জ্যৈষ্ঠপুরা এলাকায় বিক্ষিপ্তভাবে এ ধানের চাষ হচ্ছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, সোনালি আমন ধানের শীষের মধ্যে বাতাসে দুলছে কালোজিরা ধানের কালচে শীষ। সোনালি মাঠের মাঝে কালো শীষ যেন আলাদা সৌন্দর্য তৈরি করেছে। এ ধানের সুগন্ধি চাল দিয়ে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, পায়েস, ফিরনি ও জর্দাসহ নানা ধরনের খাবার তৈরি করা হয়। স্বাদ ও সুগন্ধের জন্য একসময় এ চালের চাহিদা ছিল বেশ ভালো।
বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কৃষক মনজুর আলম জানিয়েছেন, আগে সহজেই কালোজিরা ধানের বীজ পাওয়া যেত। এখন বীজের সংকট রয়েছে। উৎপাদন খরচ বেশি এবং ফলন কম হওয়ায় কৃষকরা এ ধান চাষে আগ্রহ হারাচ্ছেন। একসময় তিনি ২০ একর জমিতে কালোজিরা ধানের আবাদ করতেন। কিন্তু ট্রাক্টরসহ চাষাবাদের সব খরচ বেড়ে যাওয়ায় এখন এ ধানের চাষ অনেকটা শখের বিষয়ে পরিণত হয়েছে।
আমুচিয়া গ্রামের উত্তর টিউর বিলের কৃষক তালেব আলী এবার আমন ধানের সঙ্গে ১০ শতক জমিতে কালোজিরা ধান চাষ করেছেন। পাশের ইউনিয়ন সারোয়াতলীর এক বন্ধুর কাছ থেকে বীজ সংগ্রহ করেছেন তিনি। তালেব আলীর ভাষ্য, সাধারণ ধানের তুলনায় কালোজিরা ধানের ফলন কিছুটা কম হলেও বাজারে দাম বেশি। প্রতি আড়ি ধান ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হয়। এবার ভালো ফলনের আশা করছেন তিনি।
কড়লডেঙ্গা গ্রামের আহলা দরবার বিলের কৃষক জামাল হোসেন জানিয়েছেন, একসময় বোয়ালখালীর বিভিন্ন এলাকায় কালোজিরা ধানের ব্যাপক আবাদ হতো। কিন্তু আধুনিক উচ্চফলনশীল ধানের বিস্তার, কম উৎপাদন এবং বীজ সংরক্ষণের জটিলতায় কৃষকরা ধীরে ধীরে এ ধানের চাষ ছেড়ে দিয়েছেন।
বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম জানিয়েছেন, বর্তমানে অনেক উচ্চফলনশীল আমন ধানের জাত রয়েছে, যেগুলোর ফলন কালোজিরা ধানের তুলনায় অনেক বেশি। অন্যদিকে কালোজিরা ধানের ফলন কম এবং রোগবালাইয়ের আক্রমণও বেশি হয়। এসব কারণে ঐতিহ্যবাহী এ ধানের আবাদ ক্রমেই কমে যাচ্ছে।




