বিদেশি পিস্তল বিক্রি করতে এসে ডিবির হাতে ধরা ৩

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, পিস্তলটি বিক্রির উদ্দেশে ওই এলাকায় অবস্থান করছিলেন তারা।
শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— টাঙ্গাইল সদর উপজেলার জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫), ফতুল্লার শফিকুর রহমান রনি (৩৫) এবং পটুয়াখালী সদর উপজেলার মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫)। তারা সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় বসবাস করতেন।
ডিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, মেহেরপুর সীমান্ত এলাকা থেকে অবৈধ পিস্তল সংগ্রহ করে বিক্রির উদ্দেশে শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থান করছিলেন তিনজন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবির দাবি, জসিম উদ্দিন মেহেরপুর সীমান্ত এলাকার এক অস্ত্র চোরাকারবারির সঙ্গে যোগাযোগ রেখে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচা করে আসছিলেন। বন্দর এলাকায় জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের উদ্দেশে এসব অস্ত্র কেনাবেচা করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়ার কথা জানিয়েছে ডিবি।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগে একাধিক হত্যা, মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলা রয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।



