বৃদ্ধকে পিটিয়ে হত্যা
মামলা তুলে নিতে চাপ-মরদেহ দাফনেও বাধা

চাটখিল থানা
নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা করেছেন নিহতের স্বজনরা। সেই মামলা তুলে নিতে স্বজনদের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করতে গেলেও বাধা দেওয়া হয়।
গতকাল শুক্রবার বিকালে হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় শনিবার সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে চাটখিল থানায় হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।
নিহত মীর হোসেন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে শিশুদের ফুটবল খেলার সময় রওশন আরা নামে এক নারীর গায়ে বল লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মীর হোসেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার বিকাল ৩টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হয়। তবে এ সময় স্থানীয় একটি পক্ষ দাফনে বাধা দেয়। হত্যা মামলা থেকে তাদের পরিবারের সদস্যদের নাম বাদ না দিলে মরদেহ দাফন করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। একই সঙ্গে মামলা তুলে নিতে নিহতের স্বজনদের বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। এতে বিকাল ৫টা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।
আজ শনিবার বিকাল পৌনে ৫টার দিকে মরদেহ দাফনে বাধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ।
তিনি বলেন, ‘সেখানে আমাদের পুলিশ ছিল। তবে পর্যাপ্ত পুলিশ সদস্য ছিলেন না। আমি নিজেসহ অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে কী সমস্যা হয়েছে, তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



