দাউদকান্দি
সেতুটি দাঁড়িয়ে আছে বাঁশের খুঁটিতে

দাউদকান্দির চেঙ্গাকান্দি গ্রামে বাঁশের খুটির ওপর দাঁড়িয়ে আছে সেতু ধসে পড়ে দুর্ঘটনার আশঙ্কা। ছবি: আগামীর সময়
বাঁশের খুঁটির ওপর ভর করে টিকে আছে কুমিল্লার দাউদকান্দির গোলাপেরচর গ্রামের একটি ঝুঁকিপূর্ণ সেতু। সেতুটির চারটি পিলার দেবে যাওয়ায় যেকোনো সময় এটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমন আশঙ্কার মধ্যেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে চলাচল করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয় লোকজন বাঁশের খুঁটি দিয়ে সেতুটি ঠেকিয়ে রাখার চেষ্টা করছেন। ঝুঁকি এড়াতে সেতুর কাছে এসে যানবাহন থেকে নেমে হেঁটে পার হন যাত্রীরা। পরে আবার যানবাহনে উঠে গন্তব্যে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন হাজারো মানুষ হেঁটে, অটোরিকশা ও ছোট যানবাহনে সেতুটি ব্যবহার করেন। ফলে সেতুটি ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় অটোরিকশাচালক নজরুল ইসলাম জানান, সেতুর পিলারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় পিলারগুলো দেবে গেছে।
১৯৯৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গোলাপেরচর গ্রামের একটি খালের ওপর সেতুটি নির্মাণ করে। সেতুটির দৈর্ঘ্য ৩০ ফুট এবং প্রস্থ ১০ ফুট।
দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুল হক সরকার জানিয়েছেন, সেতুটি ওই এলাকার মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙে একই স্থানে নতুন সেতু নির্মাণের জন্য তিনি উপজেলা প্রশাসনকে একাধিকবার অনুরোধ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান। তার ভাষ্য, নতুন সেতু নির্মাণের জন্য অধিদপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।




