ডিমলা
দাম বাড়তেই ফিলিং স্টেশনে ভিড়, পাম্প মালিক-গ্রাহক হাতাহাতি

ছবি: আগামীর সময়
নীলফামারীর ডিমলায় পাম্প মালিক ও গ্রাহকদের মধ্যে বাগ্বিতণ্ডার জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে মাহবুবুর রহমান (২৭) নামে এক যুবক আহত হলে তাকে ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১টা ৩০ মিনিটে ডিমলা উপজেলার সদর ইউনিয়নের মেসার্স আলম ফিলিং সেন্টারে এ ঘটনা ঘটে।
পরে থানা পুলিশ ফোর্স পৌঁছে পাম্পটির যাবতীয় কার্যক্রম ও জ্বালানি তেল বিক্রি সাময়িককভাবে স্থগিত করে ঘটনা নিয়ন্ত্রণ করেন।
গ্রাহকদের অভিযোগ, রবিবার রাতে সরকারের তেলের দাম পুনর্নির্ধারণের ঘোষণার পরপরই মেসার্স আলম ফিলিং সেন্টারে মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা থাকলেও রাত সাড়ে ১০টা থেকেই পাম্প বন্ধ করে কর্মচারীরা কেটে পড়েন।
পরে রাত ১২টায় পাম্পমালিক শাহ আলম মেশিনে নতুন বর্ধিত মূল্য সেটআপ শুরু করলে গ্রাহকরা প্রতিবাদ জানান। তারা আগের নির্ধারিত মূল্যে তেলের দাবি তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহ আলম ক্যাশ কাউন্টার থেকে একটি ভারী লোহার অ্যাঙ্গেল এনে গ্রাহকদের ওপর চড়াও হন।
ডিমলা থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, এ বিষয়ে পাম্পমালিক কিংবা গ্রাহকের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করা হবে।
পাম্প মালিক শাহ আলম মোবাইল ফোনে জানান, গ্রাহকরা রাত ১২টার পর জ্বালানি তেল কিনতে আগের দাম দিতে চাইলে হাতাহাতি হয়।
তিনি আরও জানান, তার পাম্পে ১০ হাজার ৪৯৭ লিটার পেট্রল, ১০ হাজার ৩৮০ লিটার অকটেন এবং প্রায় ১০ হাজার লিটার ডিজেল মজুদ রয়েছে।



