পথহারা সেতুটি দেখতে ভূরুঙ্গামারী গেলেন এমপি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর নির্মাণাধীন সোনাহাট সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের কাজ সাত বছরেও শুরু হয়নি। প্রায় ছয় একর জমির মালিকানা নিয়ে স্থানীয় ব্যক্তি ও বাংলাদেশ রেলওয়ের বিরোধের কারণে আটকে আছে জমি অধিগ্রহণের প্রক্রিয়া। এ পরিস্থিতিতে দ্রুত জটিলতা নিরসন করে সংযোগ সড়কের কাজ শুরুর দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
গতকাল মঙ্গলবার দুপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে নির্মাণাধীন সেতুটি পরিদর্শন করেন সংসদ সদস্য। এর আগে বিষয়টি নিয়ে ২১ নভেম্বর ‘সেতুটির পথ আটকা জমির জটে’ শিরোনামে আগামীর সময়ে সংবাদ প্রকাশিত হয়।
সড়ক ও জনপথ বিভাগের অধীনে ২০১৯ সালে ৬৪৫ দশমিক শূন্য ১৫ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয়। সেতু ও সংযোগ সড়ক নির্মাণে চুক্তিমূল্য ধরা হয়েছিল ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা। ২০২১ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২৬ সালে এসে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে পূর্বপ্রান্তের সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির মালিকানা নিয়ে বিরোধ থাকায় কাজের অগ্রগতি থমকে আছে।
সেতুটির কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ ও ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও যানবাহনকে।
পরিদর্শনকালে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বললেন, ‘জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় টাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা রয়েছে। জমির মালিকানা নিশ্চিত হলেই অধিগ্রহণের কাজ দ্রুত শুরু করা সম্ভব হবে।’ বিষয়টি দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।



