মনিরুল হক
খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর নির্যাতন ছিল নজিরবিহীন

কুমিল্লায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসের আলোচনা সভায় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর যে নির্যাতন করা হয়েছে, তার নজির শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশের ৫০০ বছরের রাজনৈতিক ইতিহাসেও নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
তিনি বলেছেন, ‘এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আপসহীনতা দেখিয়েছেন, তারই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্টের বিদায় ঘটেছে।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মনিরুল হক চৌধুরী বললেন, ‘ষড়যন্ত্রকারীরা নেত্রীকে আটক করে ১/১১ সৃষ্টি করেছিল। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সন্তান হওয়ায় আমাদের নেতা তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে ষড়যন্ত্রকারীরা। আমার ৬৩ বছরের রাজনৈতিক জীবনে এমন অমানুষিক নির্যাতন কারও ওপর চালানো হয়েছে, তা আমি দেখিনি।’
তিনি আরও বলেন, ‘এমন নির্যাতনের পরও তিনি কারও কাছে আনুকূল্য চাননি, প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়াও দেখাননি। নীরবে-নিভৃতে চোখের পানি ফেলেছেন। সরকার বা কারও কাছে কোনো ধরনের সাহায্য প্রার্থনা করেননি। তার নাম বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন আপসহীনতার এক মূর্ত প্রতীক।’
তার ভাষ্য, তারেক রহমান দেশে ফিরে মঞ্চে উঠে কারও সম্পর্কে একটি অভিযোগও করেননি। পতিত আওয়ামী লীগের নামও মুখে নেননি। কাউকে বিষোদগার করেননি। শুধু বলেছিলেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান ফর বাংলাদেশ।’ এটাই শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান।
সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইনের সভাপতিত্বে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান ভূঁইয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদারসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



