শেরপুরে অবৈধ দখলমুক্ত হলো বনের ৫ একর জমি

বন দখলমুক্ত করে সাইনবোর্ড স্থাপন— সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের সন্ধ্যাকুড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা ৫ একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করেছে বন বিভাগ। গত দুই দিনে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীর নেতৃত্বে মধুটিলা রেঞ্জের সন্ধ্যাকুড়া মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে উদ্ধার হওয়া জমিতে বন বিভাগের সাইনবোর্ড স্থাপন এবং লাল নিশানা টাঙিয়ে জমিটি বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বললেন, ‘সংরক্ষিত বনভূমি রক্ষা এবং অবৈধ দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া জমিতে বন বিভাগের মালিকানা নির্দেশক সাইনবোর্ড ও লাল নিশানা স্থাপন করা হয়েছে। বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
বন বিভাগের দাবি, সংরক্ষিত বনভূমি রক্ষা এবং অবৈধ দখল উচ্ছেদের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের পর ওই এলাকার বন বিভাগের জমিতে বসবাসকারী শতাধিক পরিবারের মধ্যে উচ্ছেদ আতঙ্ক দেখা দিয়েছে। তাদের দাবি, বাপ-দাদার আমল থেকেই তারা সেখানে বসবাস করে আসছেন। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে তাদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না।
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীনের ভাষ্য, ‘আমাদের মাথা গোঁজার আর কোনো জায়গা নাই। আমরা বহু বছর ধরে এখানে বসবাস করছি। যদি আমাদের এখান থেকে উচ্ছেদ করার আগে আমাদের পুনর্বাসন করা হউক।’




