সমন্বয়ক পরিচয়ে পুলিশের কাজে বাধা, ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ছবিঃ আগামীর সময়
ইয়াবাসহ মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেওয়া তিনজনকে। ঘটনাটি ঘটল সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখানে।
তাদের গ্রেপ্তার করা হয় উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া গ্রামের চৌকিদারপাড়া এলাকা থেকে। আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করল পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— পূর্ব রাজদিয়া গ্রামের মৃত মো. হামিদ বেপারীর ছেলে মো. সোহেল বেপারী (২১), একই গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে ইয়ামিন শেখ (২৭) ও মো. বাদশা শেখের ছেলে মো. হোসেন শেখ (২৭)।
পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে সোহেল বেপারীকে ১০টি ইয়াবাসহ আটক করা হয়। এ সময় নিজেকে ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে অভিযানে হস্তক্ষেপের চেষ্টা করেন ইয়ামিন শেখ। আসামিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশে স্থানীয়দের জড়ো করে বিশৃঙ্খলার চেষ্টা করেন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আটক করে ইয়ামিন ও তার সহযোগী হোসেনকে। তাদের আটকের পর দণ্ডবিধির ১৫১ ধারায় পাঠানো হয় আদালতে।
এ বিষয়ে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ জানান, ২০২৪ সালের আন্দোলনের সময় সক্রিয় ছিলেন ইয়ামিন। তবে বর্তমানে তার সাংগঠনিক পদ আছে কিনা এবার নিশ্চিত নন তিনি।
মাদকসহ একজনকে গ্রেপ্তার ও পুলিশকে বাধা দেওয়ায় আরও দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর তথ্য নিশ্চিত করলেন সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।















